ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬,
সময়: ১০:৪০:৩৪ PM

শেরপুরে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত

মোঃ হামিদুর রহমান, শেরপুর সদর উপজেলা প্রতিনিধি:
08-02-2026 09:03:40 PM
শেরপুরে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটাররা যাতে কোনো প্রকার ভয়-ভীতি ছাড়াই নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে শেরপুরে ৮ ফেব্রুয়ারি রোববার দুপুরে যৌথ বাহিনীর এক বিশাল মহড়া অনুষ্ঠিত হয়েছে। মূলত জনমনে স্বস্তি ফেরাতে এবং নির্বাচনের পরিবেশ উৎসবমুখর রাখতে এই বিশেষ মহড়ার আয়োজন করা হয়। মহড়া শেষে জানা যায়, নির্বাচন চলাকালীন পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হবে। প্রতিটি ভোটার যেন নিজের ভোট নিজে দিতে পারেন এবং কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে, সে ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।

এই যৌথ মহড়ায় নেতৃত্ব দেন শেরপুর অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান উদয়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবা হক। এছাড়াও সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ এবং বিজিবি’র বিপুল সংখ্যক সদস্য এই মহড়ায় অংশ নেন।

যৌথ মহড়া সূত্রে জানা যায় “সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই আজকের এই মহড়া। সাধারণ মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক সাধারণ মানুষের পাশে আছে।”

মহড়াটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের দিন পর্যন্ত এই কড়া নজরদারি অব্যাহত থাকবে।