ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬,
সময়: ০২:৫৯:২৫ PM

সৌরবিদ্যুতেই আমদানি চাপ কমাতে চায় সরকার

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
06-07-2026 01:23:47 PM
সৌরবিদ্যুতেই আমদানি চাপ কমাতে চায় সরকার

ঢাকা, ৬ জুলাই: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে চায় সরকার। একই সঙ্গে অতীতের আর্থিক দায় পরিশোধ এবং বিদ্যুতের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রাখার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার (৬ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশের প্রায় ৮০ শতাংশ বিদ্যুৎ বেসরকারি খাতের মাধ্যমে উৎপাদিত হচ্ছে। অতীতে সম্পাদিত বিভিন্ন বিদ্যুৎ ক্রয়চুক্তির কারণে সরকারকে তুলনামূলক বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। এসব প্রতিষ্ঠানের পাওনা সময়মতো পরিশোধ না করা হলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এ বাস্তবতায় সরকারকে বিদ্যুতের দাম সমন্বয় করতে হয়েছে।

তিনি আরও বলেন, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো গেলে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমবে। এতে বৈদেশিক মুদ্রার ওপর চাপ হ্রাসের পাশাপাশি অতীতের আর্থিক দায় পরিশোধেও সহায়তা মিলবে। তবে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের নামে বেশি দামে বিদ্যুৎ উৎপাদন বা ক্রয় করে সেই অতিরিক্ত ব্যয় ভোক্তাদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিদ্যুৎ খাতের টেকসই উন্নয়নের জন্য সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি জ্বালানি ব্যবস্থার বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন নীতি ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

সংলাপে বক্তারা নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন, বিনিয়োগ এবং ভোক্তা স্বার্থ রক্ষার বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রে বিনিয়োগ ও উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হলেও ভোক্তার স্বার্থ সুরক্ষার বিষয়টি এখনও স্পষ্ট নয়। তাই কৌশলপত্রটি চূড়ান্ত করার আগে বিদ্যুতের সাশ্রয়ী মূল্য কাঠামো, কার্যকর আইনি প্রতিকার, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) স্বাধীনতা এবং খাতে সুশাসন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে শতভাগ বেসরকারি বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হলে এ খাতে বিনিয়োগ বাড়বে এবং নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। পাশাপাশি নীতিগত স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে।

সংলাপে অংশগ্রহণকারী বক্তারা নবায়নযোগ্য জ্বালানির প্রসারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ভোক্তার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৌশলপত্র চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেন।