দীর্ঘ প্রতীক্ষা, নানা আলোচনা-পর্যালোচনা ও প্রত্যাশার পর অবশেষে আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মানবিক সেবায় নিবেদিত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন। নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ভোটার, সংশ্লিষ্ট প্রতিনিধি ও দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা, প্রত্যাশা ও প্রাণচাঞ্চল্য। দীর্ঘদিন পর নির্বাচনের আয়োজনকে প্রতিষ্ঠানটির গণতান্ত্রিক চর্চা, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট মহলের মতে, সরকারের আন্তরিকতা, রাজনৈতিক সদিচ্ছা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করার প্রত্যাশার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে যাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, প্রভাবমুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভোটারদের অনেকে। তাঁদের প্রত্যাশা, নির্বাচনের প্রতিটি ধাপে গণতান্ত্রিক মূল্যবোধ, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হবে।
নির্বাচনী তফসিল ঘোষণার পর ভোটার ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। তাঁদের আন্তরিকতা ও সহযোগিতায় দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।
ভোটারদের প্রত্যাশা, সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা, সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় নির্বাচনটি একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় সম্পন্ন হবে। তাঁরা মনে করছেন, নির্বাচনে ভোটারদের স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ নিশ্চিত করা এবং কোনো ধরনের অনিয়ম, প্রভাব বিস্তার কিংবা পক্ষপাতিত্বের সুযোগ না রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শুধু একটি প্রতিষ্ঠান নয়; এটি দেশের দুর্যোগকালীন মানবিক সহায়তা, জরুরি ত্রাণ কার্যক্রম, স্বাস্থ্যসেবা এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড কিংবা অন্যান্য মানবিক সংকটে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাধারণ মানুষের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। ফলে এ প্রতিষ্ঠানের নেতৃত্ব নির্বাচনের বিষয়টিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তাঁদের মতে, একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যোগ্য, দক্ষ, দূরদর্শী এবং মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, সেবার মান বাড়ানো, স্বেচ্ছাসেবকদের কার্যক্রম সম্প্রসারণ এবং প্রান্তিক ও অসহায় মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, এবারের নির্বাচন কেবল একটি ব্যবস্থাপনা পর্ষদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না; বরং এটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গণতান্ত্রিক চর্চা, প্রাতিষ্ঠানিক মর্যাদা, স্বচ্ছতা ও জবাবদিহি সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।
নির্বাচনের মধ্য দিয়ে যে নেতৃত্বই দায়িত্ব গ্রহণ করুক না কেন, তাদের কাছে ভোটার ও সাধারণ মানুষের প্রত্যাশা থাকবে প্রতিষ্ঠানের মূল মানবিক আদর্শ সমুন্নত রাখা, দল-মতনির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো এবং সেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করা। নির্বাচিত নেতৃত্বের দূরদর্শী, দায়িত্বশীল ও মানবিক পদক্ষেপে রেড ক্রিসেন্টের কার্যক্রম নতুন গতি পাবে এবং প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশাই এখন ভোটার ও সচেতন মহলের।