ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬,
সময়: ১২:০৮:১৪ AM

সালেহ শিবলী:মেধা, সততা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত

মান্নান মারুফ
16-06-2026 07:54:25 PM
সালেহ শিবলী:মেধা, সততা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত

বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ আবু আবদুল্লাহ এম ছালেহ, যিনি সালেহ শিবলী নামেই অধিক পরিচিত। তিনি একজন জ্যেষ্ঠ সাংবাদিক, গবেষক এবং দক্ষ যোগাযোগ বিশেষজ্ঞ। পেশাগত জীবনের অভিজ্ঞতা, মেধা, সততা ও মানবিক গুণাবলীর সমন্বয়ে তিনি দেশের গণমাধ্যম অঙ্গনে একটি স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছেন।

সম্প্রতি বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দিন-রাত পরিশ্রম করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ যোগাযোগ কার্যক্রম পরিচালনায় তিনি অগ্রণী ভূমিকা রাখছেন।

সালেহ শিবলী অত্যন্ত শান্ত, ধীরস্থির ও ঠান্ডা মাথার একজন মানুষ হিসেবে পরিচিত। সহকর্মী, বন্ধু কিংবা সাধারণ মানুষের সঙ্গে তার আচরণ সবসময়ই সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক। তার ব্যবহার নিয়ে নেতিবাচক অভিযোগ খুব কমই শোনা যায়। বরং মানবিকতা, ভদ্রতা ও বন্ধুসুলভ আচরণের জন্য তিনি সবার কাছে সমাদৃত। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাও তাকে একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন সালেহ শিবলী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে গণমাধ্যম ও প্রশাসন বিষয়ক গবেষণায় পিএইচডি ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন মেধাবী, পরিশ্রমী এবং নেতৃত্বগুণে উজ্জ্বল।

কর্মজীবনে তিনি দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ও গণমাধ্যম প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে রিপোর্টার হিসেবে কাজ করে তিনি সাংবাদিকতায় নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। এছাড়া ২০০৪ সালে দেশের সাংবাদিকদের বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

চারদলীয় জোট সরকারের আমলে তিনি কলকাতা উপ-হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্বপালনকালেও তিনি প্রেস সচিব হিসেবে কাজ করেছেন।

গবেষণা ও লেখালেখির ক্ষেত্রেও সালেহ শিবলীর অবদান উল্লেখযোগ্য। বাংলাদেশের নারীর ক্ষমতায়ন বিষয়ে জাপানের কিতাকিয়ুশু ফোরাম অন এশিয়ান উইমেন (কেএফএডব্লিউ) প্রকাশিত ‘এশিয়ান ব্রিজ’ ম্যাগাজিনে তার একাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি অস্ট্রেলিয়াভিত্তিক রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ‘সিডনি পলিসি অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর নন-রেসিডেন্ট ফেলো হিসেবেও কাজ করেছেন।

২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সালেহ শিবলীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এই পদে তিনি সচিবের মর্যাদা লাভ করেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সকল কর্মসম্পর্ক ছিন্ন করার শর্তে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। তার নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি পর্যন্ত বহাল থাকবে।

মেধা, অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে সালেহ শিবলী আজ দেশের প্রশাসন ও গণমাধ্যম অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ নাম। তার কর্মনিষ্ঠা, নেতৃত্বগুণ এবং বিনয়ী ব্যক্তিত্ব ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।