ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬,
সময়: ০১:০৬:২৩ PM

সড়কপথে ঢাকা আসছেন ভারতীয় নতুন হাইকমিশনার

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
12-06-2026 06:00:00 AM
সড়কপথে ঢাকা আসছেন ভারতীয় নতুন হাইকমিশনার

সড়কপথে ঢাকায় আসছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ শুক্রবার (১২ জুন) স্ত্রীসহ আসবেন তিনি।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সড়কপথে ভারতের কলকাতা থেকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে ঢাকায় পৌঁছাবেন নতুন হাইকমিশনার। আজ সকাল সাড়ে ১০টায় স্ত্রী মিনাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে বেনাপোল সীমান্তে পৌঁছাবেন এই ভারতীয় কূটনীতিক।এদিকে নতুন হাইকমিশনারকে বরণ করে নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন।

এর আগে গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে লেটার্স অব ক্রিডেনশিয়ালস (পত্রাধিকার) গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। এর মাধ্যমে তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব পালনের আইনি ও কূটনৈতিক অনুমোদন লাভ করেন।

এপ্রিল মাসে নিয়োগ ঘোষণার পর থেকে তিনি প্রস্তুতি নিচ্ছিলেন এবং এখন ঢাকায় এসে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পুর কাছে ক্রিডেনশিয়ালস উপস্থাপন করে আনুষ্ঠানিকভাবে মিশন শুরু করবেন।দিনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রণয় ভার্মা এরই মধ্যে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেছেন।

জানা গেছে, গত ৫৫ বছরে বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে নয়াদিল্লি।

৭৫ বছর বয়সি দিনেশ ত্রিবেদী ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ভারতের সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।