ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬,
সময়: ১২:৪৭:০১ AM

থানার সামনেই বসে পড়লেন পাটওয়ারী

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
22-05-2026 08:39:50 PM
থানার সামনেই বসে পড়লেন পাটওয়ারী

ঝিনাইদহে ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এর প্রতিবাদে ঝিনাইদহ থানার সামনে অবস্থান নিয়েছেন তিনি।শুক্রবার (২২ মে) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতা-কর্মীরা অবস্থান করছিলেন।এর আগে দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এনসিপির এই নেতার ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে আসেন। কথা বলার একপর্যায়ে ছাত্রদল নেতা সাহেদ আহম্মেদের পেছন দিক কিছু যুবক পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এসময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন কর্মী আহত হন। এ ঘটনার পর বিক্ষোভ করে এনসিপি।পরে হামলার ঘটনায় লিখিত অভিযোগ করতে ঝিনাইদহ সদর থানায় অবস্থান নেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এসময় এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা থানার বাইরে অবস্থান নেন।‎হামলার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‌‘আইনমন্ত্রী ও ঝিনাইদহ বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন হামলা চালিয়েছে। তারা ডিম নিক্ষেপ করেছে। আমাদের ৩-৪ জন আহত হয়েছেন। আমরা এই ন্যাক্কারজনক হামলার বিচার চাইবো। আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আইনমন্ত্রীর এলাকাতেই যদি আইন-শৃঙ্খলার এরকম অবস্থা হয়, তাহলে তার মন্ত্রী থাকার দরকার নেই।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

মামলা গ্রহণে এনসিপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘সার্ভার ডাউন রয়েছে। যে কারণে এখনো অভিযোগ নেওয়া সম্ভব হয়নি। তবে যেহেতু আমলযোগ্য অপরাধ বিষয়ে অভিযোগ, কাজেই অভিযোগপত্র না নেওয়ার সুযোগ নেই। সার্ভার স্বাভাবিক হলেই আমরা অভিযোগ অনলাইনে এন্ট্রি করবো।’

হামলার ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন জেলায় সফরে গিয়ে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তিনি ঝিনাইদহ সফরে এলে আমি তার সঙ্গে সাক্ষাত করে কুরুচিপূর্ণ বক্তব্য না দেওয়ার বিষয়ে আলাপ করতে যাই। এসময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করে। মারামারি বা ডিম নিক্ষেপের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’