ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬,
সময়: ০৯:০৭:৫৯ PM

জনগনের সেবা দেওয়া আমাদের দায়িত্ব: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
19-05-2026 04:15:18 PM
জনগনের সেবা দেওয়া আমাদের দায়িত্ব: প্রধানমন্ত্রী

ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণকে সেবা দেওয়া করুণ নয়, এটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে দেশব্যাপী ‘ভূমিসেবা সপ্তাহ’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সরকারপ্রধান বলেন, জমি শুধু এক টুকরো সম্পদ নয়, এটি মানুষের জীবনে নিরাপত্তা, নির্ভরতা এবং ভবিষ্যতের ভিত্তি। স্পষ্ট করে বলতে চাই, সেবা প্রদান জনগণের প্রতি কোনো করুণা নয়, বরং সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।আমাদের লক্ষ্য একটি হয়রানিমুক্ত, প্রযুক্তিনির্ভর এবং নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
দেশে বিভিন্ন পর্যায়ের আদালতে দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে ৪৭ লাখেরও বেশি বিচারাধীন মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই সবচেয়ে বেশি।

এই মুহূর্তে আদালতের বিচারাধীন মামলার দ্রুততম নিষ্পত্তিই সরকারের প্রধান অগ্রাধিকার।তবে প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থার ওপর জোর দেওয়া জরুরি।
এ সময় প্রখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের একটি উক্তি উদ্ধৃত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আলোচনা, মধ্যস্থতা বা সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা গেলে আদালতে যেমন জট কমবে, তেমনি দ্রুততম সময়ে সমস্যা সমাধান করাও সহজ হবে। এতে বিরোধ শত্রুতায় রূপ নেবে না।

রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে মনোযোগ দিয়েছে বলে জানান তারেক রহমান।

তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের যাঁতাকলে পিষ্ট দেশের জনগণ রাষ্ট্র ও রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। সরকার জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণ করে রাজনীতিকে এগিয়ে নিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করে জনগণকে সহায়তার লক্ষ্যে আমরা জাতীয় নির্বাচনের আগেই ৩১ দফা এবং সর্বশেষ নির্বাচনী ইশতেহারে বিষয়টি উল্লেখ করেছিলাম। আজ থেকে সারাদেশে শুরু হওয়া ভূমি সেবা মেলার মাধ্যমে সরকার জনগণের কাছে দেওয়া আরও একটি নির্বাচনী ওয়াদা পূরণ করতে যাচ্ছে।