বর্তমান সময়ের রাজনীতিতে মানুষের প্রত্যাশা বদলেছে। মানুষ এখন এমন নেতৃত্ব চায়, যেখানে ক্ষমতার চেয়ে মানবিকতা ও ইনসাফ বড় হয়ে ওঠে, ব্যক্তিগত স্বার্থের চেয়ে জনগণের কল্যাণকে বেশি গুরুত্ব দেওয়া হয়। একটি রাষ্ট্র কেবল কোনো ব্যক্তি বা সরকারের সম্পত্তি নয়; বরং এ দেশ গড়ে ওঠে কোটি মানুষের পরিশ্রম, ত্যাগ ও ভালোবাসার ভিত্তিতে। সেই উপলব্ধি থেকেই এমন এক রাজনৈতিক দর্শনের কথা সামনে আসছে, যেখানে জনগণই হবে রাষ্ট্রের মূল শক্তি এবং রাজনীতির কেন্দ্রবিন্দু।
এই চিন্তাধারার প্রতিফলন ঘটছে তারেক রহমানের রাজনৈতিক বক্তব্য ও কর্মপরিকল্পনায়। তিনি এমন একটি রাজনীতির কথা বলেন, যেখানে নেতার পরিচয় নির্ধারিত হবে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে। পদ-পদবি কিংবা ক্ষমতার প্রদর্শন নয়, বরং দায়িত্ববোধ, সততা এবং জনসেবাই হবে একজন রাজনৈতিক নেতার প্রধান পরিচয়। তার মতে, দেশের প্রতিটি নাগরিক একই পরিবারের সদস্য। তাই রাষ্ট্র পরিচালনার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা।
বিজ্ঞজনেরা মনে করে বাংলাদেশের মানুষ সবসময়ই মানবিক ও সহমর্মিতাপূর্ণ রাজনীতিকে সমর্থন করেছে। কারণ এই দেশের ইতিহাসই গড়ে উঠেছে মানুষের অধিকার, সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে। জনগণের ভালোবাসা, শ্রম ও অবদানের কারণেই দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। একজন প্রধানমন্ত্রী বা সরকারপ্রধান দিকনির্দেশনা দিতে পারেন, কিন্তু বাস্তব উন্নয়ন সম্ভব হয় তখনই, যখন দেশের প্রতিটি নাগরিক নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেন। এই উপলব্ধি থেকেই দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।
তারেক রহমান মনে করেন, রাজনীতি কেবল নির্বাচন কিংবা ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয়; বরং এটি মানুষের সেবা করার একটি মহান দায়িত্ব। তাই রাজনৈতিক কর্মীদেরও জনগণের সুখ-দুঃখের সঙ্গী হতে হবে। সাধারণ মানুষের সমস্যা বুঝতে হবে, তাদের কথা শুনতে হবে এবং বাস্তবসম্মত সমাধান দিতে হবে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল তখনই সফল হয়, যখন তারা জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সম্মান করে এবং মানুষের কল্যাণে কাজ করে।
বর্তমান প্রজন্ম এমন নেতৃত্ব প্রত্যাশা করে, যারা বিভেদ নয়, ঐক্যের কথা বলবে। সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা করাই হওয়া উচিত রাজনীতির অন্যতম লক্ষ্য। কারণ রাজনৈতিক প্রতিহিংসা কিংবা বিভাজন কখনোই একটি দেশকে এগিয়ে নিতে পারে না। বরং উন্নত রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন সহযোগিতা, সহনশীলতা এবং একে অপরের প্রতি সম্মানবোধ। তারেক রহমানের বক্তব্যেও বারবার উঠে আসছে জাতীয় ঐক্য ও জনগণের অংশগ্রহণের বিষয়টি।
তিনি বিশ্বাস করেন, দেশের উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমতা আসবে এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি কৃষক, শ্রমিক ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে। কারণ সমাজের পিছিয়ে থাকা মানুষদের উন্নয়ন ছাড়া সামগ্রিক অগ্রগতি কখনোই সম্ভব নয় বলে থাকেন তারেক রহমান।
তারেক রহমান ও তাঁর দলের রাজনৈতিক অবস্থানে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। দলীয় নেতাকর্মীদেরও জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করার আহ্বান জানানো হচ্ছে । প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক সংকট কিংবা সাধারণ মানুষের দুর্ভোগে পাশে দাঁড়ানোকে রাজনৈতিক দায়িত্বের অংশ হিসেবে দেখা হচ্ছে। কারণ জনগণের আস্থা অর্জন করতে হলে প্রথমেই তাদের হৃদয়ের কাছাকাছি যেতে হয়।
একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয়, যখন সরকার ও জনগণের মধ্যে পারস্পরিক বিশ্বাস তৈরি হয়। জনগণ যদি মনে করে রাষ্ট্র তাদের আপন, তাহলে তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আরও বেশি ভূমিকা রাখে। তাই নাগরিকদের মধ্যেও দেশপ্রেম, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন তারেক রহমান । দেশের প্রতিটি মানুষ যদি নিজের অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে, তবে বাংলাদেশ আরও দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে।
তিনি বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের ভাগ্য পরিবর্তন করা। ক্ষমতা কোনো ব্যক্তিগত অর্জন নয়; এটি জনগণের দেওয়া একটি দায়িত্ব। সেই দায়িত্ব পালনের মাধ্যমেই একজন নেতা মানুষের হৃদয়ে স্থান করে নেন। একজন প্রকৃত নেতা সেই ব্যক্তি, যিনি সংকটের সময়ে জনগণের পাশে দাঁড়ান, মানুষের কষ্ট অনুভব করেন এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেন।
মানবিকতা, দায়িত্ববোধ ও জনসেবাভিত্তিক রাজনীতির এই দর্শনই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতে পারে। দেশ ও মানুষের জন্য কাজ করাই হোক রাজনীতির সবচেয়ে বড় পরিচয়—এমন প্রত্যাশাই আজ সাধারণ মানুষের। আর সেই আদর্শ ও নীতিকে সামনে রেখেই তারেক রহমান ও তাঁর দল ভবিষ্যতের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলার কথা বলছে।