আইপিএলে নতুন ইতিহাস গড়লেন সুনিল নারিন। রোববার সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটার সলিল অরোরাকে আউট করে তিনি ছুঁয়ে ফেললেন ২০০ উইকেটের মাইলফলক।এর মাধ্যমে নারিন আইপিএলের ইতিহাসে প্রথম বিদেশি বোলার হিসেবে ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। সব মিলিয়ে তিনি তৃতীয় বোলার, যার আগে এই তালিকায় আছেন ইয়ুজবেন্দ্র চাহাল আর ভুবনেশ্বর কুমার।আরও একটি অনন্য রেকর্ড গড়েছেন নারিন। কলকাতা নাইট রাইডার্সে হয়ে শুরু থেকে খেলে তিনি একমাত্র বোলার হিসেবে একটি দলের হয়েই ২০০ উইকেট নিয়েছেন। ২০১২ সালে আইপিএলে অভিষেকের পর থেকেই কেকেআরের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন এই অফস্পিনার।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে এমন কীর্তি খুবই বিরল। ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ডেভিড পেইনে (গ্লুচেস্টারশায়ার) এবং ক্রিস উড (হ্যাম্পশায়ার) এই রেকর্ডে নাম লিখিয়েছেন।২০১২ সালে আইপিএলে অভিষেকেই নারিন নিজের সামর্থ্যের জানান দেন। প্রথম মৌসুমেই ২৪ উইকেট শিকার করেন তিনি। এরপরের দুই মৌসুমেও টানা ২০টির বেশি উইকেট নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন লিগের অন্যতম সেরা বোলার হিসেবে।
২০১৪ মৌসুম শেষে তার উইকেটসংখ্যা দাঁড়ায় ৬৭, যা ওই তিন বছরে যেকোনো বোলারের মধ্যে সর্বোচ্চ। শুধু উইকেট নয়, তার ইকোনমি রেটও ছিল অসাধারণ—৫.৭৭, যা অন্তত পাঁচ ওভার বল করা বোলারদের মধ্যে সেরা ছিল।
দীর্ঘ পথচলার পর অবশেষে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছে নারিন আবারও প্রমাণ করলেন, কেন তিনি আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ও নির্ভরযোগ্য স্পিনার।