ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
সময়: ১০:২৫:০৬ PM

গণমাধ্যমের আধুনিকায়নে নতুন পরিকল্পনা

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
20-09-2026 09:17:29 PM
গণমাধ্যমের আধুনিকায়নে নতুন পরিকল্পনা

দেশের গণমাধ্যম ও চলচ্চিত্র শিল্পকে আধুনিক, যুগোপযোগী এবং আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এই প্রতিবেদকের সাথে আলাপ কালে তিনি বলেণ, একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সংবাদপত্র, অনলাইন গণমাধ্যম, রেডিও, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা পালনের সুযোগ করে দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে ।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যমের কাঠামো, প্রযুক্তি ও কর্মপদ্ধতিতে আধুনিকায়ন প্রয়োজন। বাংলাদেশের গণমাধ্যম যেন বিশ্বের অন্যান্য দেশের গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে পারে, সে বিষয়েও সরকার গুরুত্ব দেবে। এ ক্ষেত্রে সংবাদপত্র, রেডিও ও টেলিভিশন কর্তৃপক্ষের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নেও একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা গ্রহণ করা হবে। চলচ্চিত্রকে আরও আধুনিক ও বিকশিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তি ও সৃজনশীলতার বিকাশে উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান তিনি।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি জনগণের সঙ্গে রাষ্ট্র ও সমাজের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সংবাদপত্রকে জনগণের বন্ধু হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থের বিষয় তুলে ধরা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করা প্রয়োজন।

তথ্য প্রতিমন্ত্রী দাবি করেন, বিএনপি সংবাদপত্রবান্ধব রাজনৈতিক দল এবং দলটির সরকারগুলো ক্ষমতায় থাকাকালে সংবাদপত্র ও গণমাধ্যমের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতেও বিএনপি সংবাদপত্র শিল্পের উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

তিনি বলেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। ডিজিটাল প্রযুক্তির বিকাশের সঙ্গে গণমাধ্যমের ধরন ও পাঠক-দর্শকের চাহিদাতেও পরিবর্তন এসেছে। ফলে বাংলাদেশের গণমাধ্যমকেও সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যম প্রতিষ্ঠানকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করার পাশাপাশি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সাংবাদিকদের প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকরা সমাজের মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে শ্রমজীবী, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা ও প্রত্যাশা জনসমক্ষে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে গণমাধ্যমের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তথ্য প্রতিমন্ত্রীর কর্মকাণ্ডে অল্প সময়ের মধ্যেই সাংবাদিকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে বলেও তাঁর ঘনিষ্ঠজনেরা দাবি করেছেন। সাংবাদিকবান্ধব পরিবেশ তৈরি এবং গণমাধ্যমের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁর উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

দেশের গণমাধ্যমকে আরও আধুনিক, শক্তিশালী ও বিশ্বমানের করতে সরকার, গণমাধ্যম মালিকপক্ষ এবং সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন—এমন প্রত্যাশার কথা জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গণমাধ্যমকে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করা সম্ভব।