প্রথম পর্ব :
গ্রামের মানুষ কুদ্দুসকে চিনত খুব সাধারণ একজন মানুষ হিসেবেই। শান্ত, নিরীহ আর ভীষণ সহজ-সরল স্বভাবের মানুষ ছিল সে। কারও সঙ্গে কখনও উঁচু গলায় কথা বলতে দেখা যায়নি তাকে। তার ছোট্ট পৃথিবী ছিল তার বাগানবাড়ি, কিছু জমিজমা আর মায়ের রেখে যাওয়া পুরোনো স্মৃতিগুলো। জীবনের বড় একটা সময় একাকীত্বের সঙ্গে লড়াই করেই কাটিয়েছিল কুদ্দুস। মানুষে ভরা পৃথিবীতেও সে যেন একা ছিল।
কুদ্দুসের বাগানবাড়িটা ছিল গ্রামের শেষ প্রান্তে। চারদিকে নানা রঙের ফুল, আম-কাঁঠালের গাছ আর মাঝখানে একটি দোতলা বাড়ি। বিকেলের পড়ন্ত আলোয় বাড়িটা দেখতে যেন ছবির মতো লাগত। গ্রামের অনেকেই বলত, “এমন সুন্দর বাড়ি এই এলাকায় আর নেই।” কিন্তু এত সৌন্দর্যের মাঝেও কুদ্দুসের চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা।
প্রতিদিন বিকেলে সে বাড়ির বারান্দায় বসে দূরের আকাশ দেখত। কখনও মায়ের কথা মনে করত, কখনও নিজের নিঃসঙ্গ জীবনের হিসাব মিলাত। তার বয়স তখন চল্লিশ ছুঁইছুঁই, অথচ সংসার বলতে কেউ ছিল না পাশে। অনেকেই তাকে বিয়ে করার পরামর্শ দিয়েছিল, কিন্তু কুদ্দুস সবসময় হেসে উড়িয়ে দিত। কারণ, তার বিশ্বাস ছিল—ভালোবাসা জোর করে আসে না।
কিন্তু ভাবতেই ভাবতেই একদিন হঠাৎ করেই তার জীবনে আসে অনামিকা।
সেদিন ছিল বর্ষার শেষ বিকেল। আকাশে হালকা মেঘ, চারদিকে স্নিগ্ধ বাতাস। কুদ্দুস বাজার থেকে বাড়ি ফিরছিল। গ্রামের কাঁচা রাস্তার পাশে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে সে থমকে যায়। মেয়েটির হাতে ছিল কিছু বই, চোখে অদ্ভুত মায়া। বৃষ্টিতে তার ওড়নাটা ভিজে গিয়েছিল।
কুদ্দুস ধীরে ধীরে কাছে গিয়ে বলল,
—“আপনি কি কোথাও যাবেন?”
মেয়েটি মাথা তুলে তাকাল। সেই প্রথম কুদ্দুস দেখল অনামিকার হাসি। সেই হাসিতে যেন এক অদ্ভুত ভালবাসা ছিল। মেয়েটি মৃদু স্বরে বলল,
—“রিকশা পাচ্ছি না। তাই দাঁড়িয়ে আছি।”
কুদ্দুস নিজের অজান্তেই বলল,
—“আমি পৌঁছে দিতে পারি চাইলে।”
সেদিন থেকেই শুরু।
অনামিকা ছিল পাশের উপজেলার কলেজশিক্ষিকা। বাবাকে হারিয়ে মায়ের সঙ্গে ছোট্ট ভাড়া বাসায় থাকত। কথাবার্তায় ভদ্রতা আর চোখে স্বপ্ন ছিল মেয়েটার। এভাবেই ধীরে ধীরে কুদ্দুসের সঙ্গে তার পরিচয় গভীর হতে থাকে।
প্রথমদিকে কুদ্দুস শুধু দূর থেকে অনামিকাকে দেখত। তারপর কখন যে সে অনামিকার হাসির ভেতর নিজের বেঁচে থাকার কারণ খুঁজে পেল, নিজেও বুঝতে পারেনি।
অনামিকা মাঝে মাঝে কুদ্দুসের বাগানবাড়িতে আসত। ফুল দেখতে তার খুব ভালো লাগত। কুদ্দুস প্রতিদিন নতুন নতুন ফুলের চারা এনে লাগাত, শুধু অনামিকার মুখে হাসি দেখার জন্য।
একদিন অনামিকা গোলাপের বাগানের পাশে দাঁড়িয়ে বলেছিল,
—“আপনার এই বাড়িটা স্বপ্নের মতো সুন্দর।”
কুদ্দুস হেসে বলেছিল,
—“আপনি আসেন বলেই সুন্দর লাগে।”
অনামিকা মুচকি হেসেছিল। সেই হাসির অর্থ কুদ্দুস বুঝতে পারেনি। সে ভেবেছিল, এই হাসির ভেতরেই হয়তো লুকিয়ে আছে ভালোবাসা।
এরপর দিন যেতে থাকে। কুদ্দুসের পৃথিবী বদলে যেতে শুরু করে। আগে যে মানুষটা একা খেত, একা ঘুমাত, একা বিকেল কাটাত—সে এখন প্রতিটি মুহূর্তে অনামিকার কথা ভাবতে থাকে।
রাতে ঘুম ভেঙে গেলে সে জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখত। মনে মনে ভাবত, “এতদিন পরে হয়তো আল্লাহ আমার জীবনে সুখ পাঠিয়েছেন।”
গ্রামের মানুষও বিষয়টা বুঝতে শুরু করেছিল। অনেকে মজা করে বলত,
—“কুদ্দুস ভাই, এবার মনে হয় বিয়ে করবেন!”
কুদ্দুস শুধু লজ্জা পেয়ে হাসত।
একদিন সাহস করে সে অনামিকাকে বলল,
—“আমি আপনাকে ছাড়া এখন কিছু ভাবতে পারি না।”
অনামিকা চুপ করে ছিল কিছুক্ষণ। তারপর নিচের দিকে তাকিয়ে বলেছিল,
—“আপনি খুব ভালো মানুষ কুদ্দুস ভাই।”
এই একটি বাক্যই কুদ্দুসের কাছে পৃথিবীর সবচেয়ে বড় স্বীকৃতি হয়ে উঠেছিল।
তারপর থেকে কুদ্দুস আরও বদলে যায়। অনামিকার পছন্দের শাড়ি কিনে আনে, তার মায়ের চিকিৎসার খরচ দেয়, কলেজে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে। অনামিকা কখনও কিছু চাইত না, কিন্তু কুদ্দুস নিজে থেকেই সব করতে চাইত।
কারণ, সে বিশ্বাস করত—ভালোবাসা মানেই নিজেকে উজাড় করে দেওয়া।
এক সন্ধ্যায় অনামিকা বাগানবাড়ির ছাদে দাঁড়িয়ে ছিল। পশ্চিম আকাশে সূর্য ডুবছিল। কুদ্দুস ধীরে ধীরে গিয়ে পাশে দাঁড়াল।
—“কি ভাবছেন?”
অনামিকা জিজ্ঞেস করল।
কুদ্দুস দীর্ঘশ্বাস ফেলে বলল,
—“ভাবছি, এই জীবনটা যদি আপনার সঙ্গে কাটাতে পারতাম।”
অনামিকা কিছু বলল না। শুধু দূরের আকাশের দিকে তাকিয়ে রইল।
কুদ্দুস সেই নীরবতাকেই সম্মতি ভেবে নিয়েছিল।
এর কিছুদিন পর কুদ্দুস একটি বড় সিদ্ধান্ত নেয়। ভালবাসার উপহার হিসাবে সে তার সমস্ত সম্পত্তি, জমিজমা আর বাগানবাড়ি অনামিকার নামে লিখে দেওয়ার ব্যবস্থা করে।
আইনজীবী অবাক হয়ে বলেছিল,
—“আপনি নিশ্চিত? সবকিছু লিখে দিচ্ছেন?”
কুদ্দুস শান্ত গলায় বলেছিল,
—“হ্যাঁ। আমি যাকে ভালোবাসি, তার জন্য এটুকু করতে পারব না?”
সেদিন দলিলে স্বাক্ষর করার সময় কুদ্দুসের চোখে অদ্ভুত এক আনন্দ ছিল। মনে হচ্ছিল, সে যেন নিজের জীবনের সবচেয়ে মূল্যবান কাজটি করছে।
অনামিকা প্রথমে আপত্তি করার ভান করেছিল।
—“এত কিছু কেন করছেন?”
কুদ্দুস মৃদু হেসে বলেছিল,
—“ভালোবাসার মানুষের কাছে হিসাব থাকে না।”
সেই রাতে কুদ্দুস অনেকদিন পর নিশ্চিন্তে ঘুমিয়েছিল। তার মনে হয়েছিল, এবার হয়তো তার জীবনের শূন্যতা শেষ হবে।
কিন্তু মানুষ ভবিষ্যৎ জানে না।
ভালোবাসার আড়ালে কখনও কখনও এমন অন্ধকার লুকিয়ে থাকে, যা সরল মানুষগুলো বুঝতেই পারে না।
আর কুদ্দুস ছিল ঠিক তেমনই একজন মানুষ—যে ভালোবাসাকে বিশ্বাস করেছিল নিঃস্বার্থভাবে, বিনিময়ে কিছু না চেয়ে।
সে জানত না, একদিন এই বিশ্বাসই তাকে নিঃস্ব করে দেবে।
সে জানত না, যাকে নিজের পৃথিবী ভেবে সবকিছু লিখে দিচ্ছে, সেই মানুষটাই একদিন তার জীবনের সবচেয়ে বড় ট্রাজেডির কারণ হবে।
তবুও সেদিন বাগানবাড়ির প্রতিটি ফুল যেন কুদ্দুসের সুখের সাক্ষী হয়েছিল।
রাতের বাতাসে দুলতে থাকা গোলাপগুলোও হয়তো বুঝতে পারেনি—এই ভালোবাসার গল্প একদিন ভয়ংকর এক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। চলবে......