ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬,
সময়: ১০:০২:৫৭ PM

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নজরুল ইসলাম

এমডি ফারুক,সিনিয়র স্পোর্টস রিপোটার ।। দৈনিক সমবাংলা
03-05-2026 08:46:04 PM
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নজরুল ইসলাম

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় খুলনা নগরীর খালিশপুরস্থ পোর্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ প্রতিযোগিতার শুরু হয়েছে। রোববার খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে আমাদের সন্তানদের গড়ে তুলতে হবে। ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শরীর ও মন সুস্থ রাখে এবং সুস্থ শরীর ও মন একটি শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। এ লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর এ প্রচেষ্টা শিক্ষার্থীদের আগামী দিনের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার প্রস্তুতি গ্রহণের সুযোগ এনে দিয়েছে। প্রধানমন্ত্রীর এ উদ্যোগ ক্রীড়াঙ্গনে নতুন আলোর সঞ্চার করেছে।

কেসিসি প্রশাসক শিক্ষাঙ্গন পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতিটি শিক্ষার্থীকে নিজ শিক্ষাঙ্গন ও নিজ বাড়ি পরিচ্ছন্ন রাখার বিষয়ে উদ্বুদ্ধ করাসহ নির্দিষ্ট স্থানে বর্জ্য সংরক্ষণের অভ্যাস গড়ে তোলার ও স্কুলের অব্যবহৃত জমিতে পর্যাপ্ত বৃক্ষ রোপণের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। সুন্দর ও সবুজ শহর বিনির্মাণ কাজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শুরু হোক বলে তিনি মন্তব্য করেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, কেএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য মোল্লা খায়রুল ইসলাম।