বৃষ্টিভেজা সিলেটে বুধবার সকালে বিমান থেকে নামার পর সড়কপথে রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজার যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর একাধিক কর্মসূচি পালন শেষে প্রটোকল কিংবা আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে ছুঁটে গেলেন বিএনপির বর্ষীয়ান রাজনীতিক ও মা বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোদ্ধা খালেদা রব্বানীর কাছে। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠান শেষ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান সোজা তার বাসায় চলে যান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক এই সংসদ সদস্য।
দীর্ঘদিন ধরে অসুস্থ এই প্রবীণ নেত্রীকে দেখতে যখন প্রধানমন্ত্রী তার কক্ষে প্রবেশ করেন, তখন সেখানে নেমে আসে এক আবেগঘন পরিবেশ। দীর্ঘ রাজনৈতিক জীবনের ক্লান্তি আর অসুস্থতা ভুলে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন খালেদা রব্বানী। দেশের সরকার প্রধানকে এত কাছে পেয়ে পরম মমতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন বেগম খালেদা জিয়ার এই ঘনিষ্ঠ সহকর্মী। প্রধানমন্ত্রীও এই প্রবীণ নেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন। বেগম খালেদা রব্বানী বিএনপির কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টার দায়িত্বেও ছিলেন তিনি। বহুবার দেশ-বিদেশে বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হওয়া এই বিএনপি নেত্রী একাধিকবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন।