রাজশাহীতে ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজেও হারলো বাংলাদেশের মেয়েরা। আগেই টি-টোয়েন্টি সিরিজ খোয়ানো বাংলাদেশের সামনে শনিবার ছিল মান বাঁচানোর লড়াই।কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ৩ রানে হেরে হোয়াইটওয়াশ হতে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে শেষ টি-টোয়েন্টি ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৯ ওভারে।আগে ব্যাটিং করে ৮৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৮৮ রানের জবাবে খেলতে নেমে দলীয় ১৩ রানে ওপেনার দিলারা আক্তার সাজঘরে ফেরেন। দ্বিতীয় উইকেটে জুয়ায়রিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি ৩০ রানের জুটি গড়েন। জুয়ায়রিয়া ১৫ বলে ২১ রান করে আউট হলে রানরেটের কিছুটা চাপে পড়ে যায় মেয়েরা।
এরপর সোবহানা দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু দলীয় ৫৬ রানের মাথায় ১৫ বলে ২১ রান করা সোবহানা সাজঘরের পথ ধরেন। তখনো ক্রিজে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শেষ দুই ওভারে ১২ বলে ২৪ রান দরকার ছিল। আধুনিক ক্রিকেটে কঠিন লক্ষ্য না হলেও মেয়েদের ক্রিকেটে সেটি বেশ কঠিন। যদিও নিগার এক ছক্কায় বেশ এগিয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর পারেননি। নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। অধিনায়কের ব্যাট থেকে আসে ১৩ রান।
আগে ব্যাটিং করে শ্রীলঙ্কার দুই ওপেনার চামিরা আত্তাপাত্তু ও ইমেশা দুলানি মিলে দারুণ শুরু করেন। ৩.৩ ওভারে দারুণ ব্যাটিং করে ৪৩ রান তুলে নেন এই জুটি। ১০ বলে ১৯ রান করে সুলতানার বলে ক্লিন বোল্ড হন দুলানি। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। ১০ রানের মধ্যে তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ।
কিন্তু অধিনায়ক চামিরার আগ্রাসী ব্যাটিংয়ে নির্ধারিত ৯ ওভারে ৮৭ রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে চামিরা খেলেন ৪১ রানের ইনিংস। ২৭ বলে ৫ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান চামিরা। লেজের ব্যাটার কাভিসা দিলহারি ৭ বলে ১৫ রানের ইনিংস খেলে দলীয় স্কোরকে ৮৭ রানে নিয়ে যেতে ভূমিকা রাখেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে সুলতানা ৮ রানে নেন তিনটি উইকেট। এছাড়া সানজিদা আক্তার মেঘলা নেন একটি উইকেট।