২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আগামী সোমবার ফিফার কাছে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা জমা দিতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের গ্লোবো স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, বড় কোনো অঘটন না ঘটলে এই তালিকায় থাকছেন মহাতারকা নেইমার জুনিয়র এবং চেলসির তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ান।ফিফার নিয়ম অনুযায়ী, আগামী ১১ মের মধ্যে অংশগ্রহণকারী প্রতিটি দেশকে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দিতে হবে। ফিফা এই তালিকাটি মূলত খেলোয়াড়দের তথ্য যাচাইয়ের জন্য ব্যবহার করবে এবং এটি জনসমক্ষে প্রকাশ করা হবে না।১ জুনের মধ্যে কোচদের এই প্রাথমিক তালিকা থেকে ছাঁটাই করে ২৩ থেকে ২৬ জনের চূড়ান্ত দল ফিফার কাছে পাঠাতে হবে। নিয়ম অনুযায়ী, চূড়ান্ত দলে কোনো পরিবর্তন আনতে হলে সেই খেলোয়াড়কে অবশ্যই ১১ মে-র প্রাথমিক তালিকায় থাকতে হবে।
২ জুন ফিফা আনুষ্ঠানিকভাবে সব দেশের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করবে, তবে দেশগুলো চাইলে এর আগেই নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করতে পারবে।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আগামী ১৮ মে চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করবেন বলে জানা গেছে।
নেইমার জুনিয়রের অন্তর্ভুক্তি নিয়ে কোচ ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। আনচেলত্তির মতে, নেইমার যদি নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করতে পারেন, তবে ১৮ মে-র চূড়ান্ত তালিকায় তার জায়গা নিশ্চিত।
অন্যদিকে, চেলসির উদীয়মান তারকা এস্তেভাও বর্তমানে হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ওঠার লড়াই চালাচ্ছেন। পালমেইরাসের সুযোগ-সুবিধা ব্যবহার করে তিনি দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করছেন। যদি তিনি সময়মতো সুস্থ না হতে পারেন, তবে প্রাথমিক তালিকায় থাকা এন্ড্রিক বা রাইয়ানদের মধ্য থেকে তার বিকল্প বেছে নেওয়া হতে পারে।
ব্রাজিল ভক্তদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হলো রিয়াল মাদ্রিদের দুই তারকা এদের মিলিতাও ও রদ্রিগোর অনুপস্থিতি। চোটের কারণে তারা বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেছেন, যার ফলে তারা প্রাথমিক তালিকাতেও জায়গা পাচ্ছেন না। গুরুত্বপূর্ণ এই দুই খেলোয়াড়কে হারানো কোচ আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনায় বড় এক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।