ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬,
সময়: ০৩:৪৫:৩৩ PM

প্রিয় বন্ধু, সহকর্মী, সম্মানিত ও প্রিয় জুনিয়রবৃন্দ,

প্রফেসর ডা. মনি লাল আইচ লিটু
18-04-2026 02:13:39 PM
প্রিয় বন্ধু, সহকর্মী, সম্মানিত ও প্রিয় জুনিয়রবৃন্দ,

মাহবুব (রানিং কমার্স সেক্রেটারি) আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পাঁচ দিন আগে আমি ও মাহবুব সচিব কোয়ার্টারে তার বাসায় কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম। সে সময় তিনি জ্বরে ভুগছিলেন এবং আমরা ভেবেছিলাম এটি সাধারণ ভাইরাল জ্বর। আমি তাকে ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গুসহ অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছিলাম। কিছুদিন আগে তিনি আফ্রিকার দেশ কেনিয়া সফর করে এসেছিলেন—যেখানে আমাদের পার্বত্য অঞ্চল (বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি)-এর মতোই ম্যালেরিয়ার প্রকোপ বেশি। বর্তমানে চিকিৎসাবিজ্ঞানে দুটি নতুন বিষয় রয়েছে, যা সাধারণ মানুষ তো বটেই, অনেক চিকিৎসকের কাছেও খুব পরিচিত নয়—“ট্রাভেল মেডিসিন” ও “বায়োজেনেটিক্স”।

কেউ নতুন কোনো দেশে বা অঞ্চলে ভ্রমণের আগে সেই এলাকার রোগব্যাধির ধরন সম্পর্কে পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত, যেমন—টিকা (হাম, মাম্পস, টিটেনাস, ইয়েলো ফিভার, হেপাটাইটিস-এ, টাইফয়েড), ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ, জেট ল্যাগ মোকাবিলা, পাহাড়ি এলাকায় বা বিমানে ভ্রমণের সময় ডিকম্প্রেশন সমস্যা সম্পর্কে সচেতনতা ইত্যাদি।

গত দুই দিন আমি মাহবুবের সঙ্গে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ছিলাম। কিন্তু তিনি সেরিব্রাল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে গ্রেড-৪ কোমায় চলে যান এবং শেষ পর্যন্ত আমাদের ছেড়ে না-ফেরার দেশে পাড়ি জমান। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।

আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি—বিদেশে, পার্বত্য অঞ্চলে বা বনাঞ্চলে ভ্রমণের আগে অবশ্যই সচেতন হোন এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করুন। অনেক সময় সামান্য একটি প্রতিরোধমূলক ব্যবস্থা—যেমন ক্লোরোকুইন ট্যাবলেট—একটি মূল্যবান জীবন বাঁচাতে পারে।

আপনারা যদি ভ্রমণ সংক্রান্ত স্বাস্থ্য বিষয়ে আরও জানতে চান বা পরামর্শ নিতে চান, আমি আমার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করতে সদা প্রস্তুত।

প্রফেসর ডা. মনি লাল আইচ লিটু
মোবাইল: ০১৭১১৬১৭৭৩৫