ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬,
সময়: ০৪:৫১:৫৩ PM

সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান

ডেস্ক ।। দৈনিক সমবাংলা
12-04-2026 10:57:14 AM
সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান

পাকিস্তানে অনুষ্ঠিত ঐতিহাসিক শান্তি আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। এরই মধ্যে ‘ব্যর্থ সংলাপ’ শেষে ইরানের সঙ্গে ‘শান্তি চুক্তি’ ছাড়াই পাকিস্তান ছেড়ে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।শান্তির জন্য ঐতিহাসিক ‘ইসলামাবাদ সংলাপ’ শেষে সমঝোতায় পৌঁছাতে না পারার জন্য পরস্পরকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও ইরান।

ত্রিপক্ষীয় ম্যারাথন বৈঠকের পর পাকিস্তান ছাড়ার আগে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র নমনীয়তা ও সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায় অংশ নিয়েছিল।কিন্তু দুঃখজনকভাবে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।ভ্যান্স বলেন, আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা ধরে আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো দিক। কিন্তু খারাপ দিক হলো, আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে বিপরীত পক্ষের আন্তরিকতা, সদিচ্ছার ও সৎ অবস্থানের ওপর।

তিনি ওয়াশিংটনকে ‘অতিরিক্ত ও অবৈধ দাবি’ পরিহার করে ইরানের ‘বৈধ অধিকার ও স্বার্থ’ মেনে নেওয়ার আহ্বান জানান।

ইরান বলছে, যুক্তরাষ্ট্র আলোচনায় এমন কিছু বিষয় দাবি করেছে, যা তারা যুদ্ধের মাধ্যমেও অর্জন করতে পারেনি। হরমুজ প্রণালি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি ও আরও বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী শর্তগুলো তেহরান মেনে নেয়নি।