ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬,
সময়: ০৬:১৩:০২ PM

আর কাউকে গুম হতে হবে না: রিজভী

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
22-03-2026 04:29:04 PM
আর কাউকে গুম হতে হবে না: রিজভী

বর্তমান ব্যবস্থায় মানুষের বাকস্বাধীনতা ফিরে এসেছে এবং নিজের মত প্রকাশের কারণে কাউকে আর গুমের শিকার হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশে এখন এমন একটি নিরাপদ পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে নির্ভয়ে কথা বলা যায়।রোববার (২২ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে অভিযোগ করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।যারা বর্তমান সরকারকে নিয়ে ‘মিথ্যাচার’ করছে, তারা আসলে ফ্যাসিবাদের লক্ষণই ধারণ করছে।
এ সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচিগুলো হলো—
১. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

২. ২৬ মার্চ ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে।

৩. জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন দলের জাতীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা। ওই দিন মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

৪. আগামী ২৫ মার্চ (বুধবার) দুপুর ২টা ৩০ মিনিটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ দেশবরেণ্য বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখবেন।