ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
সময়: ০৪:৪১:৫৯ PM

সিদ্ধান্ত বাস্তবায়নে গতি চান তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
23-08-2026 12:09:24 PM
সিদ্ধান্ত বাস্তবায়নে গতি চান তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুতগতিতে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে আমূল পরিবর্তন আনা প্রয়োজন। প্রতিটি দপ্তর ও সংস্থার জন্য পৃথক পরিকল্পনা রয়েছে। এখন সময় এসেছে এসব পরিকল্পনা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের।

আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবনিযুক্ত মন্ত্রী আন্দালিব রহমানের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীন দপ্তর-সংস্থার প্রধানদের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, অতীতে অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার পর তা বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দেখা গেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হলেও তা যথাযথভাবে বাস্তবায়নের দিকে এগোনো সম্ভব হয়নি। এখন থেকে এ ধরনের পরিস্থিতি পরিহার করে দ্রুততার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা এবং মন্ত্রণালয়ের নিজস্ব পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী গৃহীত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দিতে হবে।

ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস), বাংলাদেশ বেতার ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)সহ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের কাজ দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সাধারণ মানুষ সরাসরি দেখতে ও জানতে পারে। ফলে প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধি করা গেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রমের মান, পরিচিতি ও সুনাম আরও বাড়বে।

প্রতিমন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে বর্তমান সরকার জনগণের জন্য কী কী কাজ করছে, তা আরও সুন্দর, সহজ ও কার্যকরভাবে মানুষের কাছে তুলে ধরা সম্ভব। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও উদ্যোগ সম্পর্কে জনগণকে যথাযথ তথ্য জানানো গেলে সরকারের প্রতি মানুষের ইতিবাচক ধারণা আরও শক্তিশালী হবে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও দপ্তর-সংস্থার প্রধানদের উদ্দেশে বলেন, মন্ত্রণালয় থেকে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে, সেগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিতে হবে। তবে এ ক্ষেত্রে বিদ্যমান আইন, বিধান, নীতিমালা ও সরকারি নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করতে হবে। নিয়ম মেনে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত বাস্তবায়ন করাই হবে সংশ্লিষ্ট সবার প্রধান দায়িত্ব।

নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমানকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতি ও দেশের সামগ্রিক প্রেক্ষাপটে আন্দালিব রহমান একজন পরিচিত মুখ। তিনি একজন সুসংগঠক ও গতিশীল ব্যক্তি। তাঁর নেতৃত্বে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও কর্মসম্পর্কের কথা উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, একই মন্ত্রণালয়ে এখন একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি আনতে এ সুযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

পরিচিতি সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য সচিব মাহবুবা ফারজানা বক্তব্য দেন। তাঁরা মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নবনিযুক্ত মন্ত্রী আন্দালিব রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা নবনিযুক্ত মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং অধীন দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন এবং প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সক্ষমতা আরও বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।