হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎ শেষে তারা একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায়ও অংশ নেন। জানা যায়, এর আগে বিকেল ৩টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপটারযোগে চট্টগ্রামের বাঁশখালী থেকে ফটিকছড়ি উপজেলায় পৌঁছান।তাকে বহনকারী হেলিকপটারটি ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে অবতরণ করলে স্থানীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এরপর সেখান থেকে সড়কপথে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
এ সময় সড়কের দুই পাশে অপেক্ষমাণ হাজারো মানুষ দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী মাদ্রাসায় পৌঁছালে তাকে একনজর দেখতে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ওঠে।এ সময় প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন এবং কুশল বিনিময় করেন। পরে মাদ্রাসার কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
মাদ্রাসায় হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উদ্দেশে রওনা দেন।