ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
সময়: ১০:৩৬:৩৫ PM

তিস্তা ইস্যুতে স্পষ্ট বার্তা দিল ভারত

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
03-07-2026 09:02:02 PM
তিস্তা ইস্যুতে স্পষ্ট বার্তা দিল ভারত

তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প (টিআরসিএমআরপি) নিয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগিতা পারস্পরিক বোঝাপড়া এবং নিয়মিত পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়। শুক্রবার (৩ জুলাই) জয়সওয়াল তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন। এদিন জয়সওয়াল বলেছেন, বাংলাদেশে ভারতের উন্নয়ন সহায়তা উভয় দেশের সম্মত একটি রোডম্যাপের ভিত্তিতে পরিচালিত হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়।

জয়সওয়াল আরও বলেন, তিস্তা নদী প্রকল্প সম্পর্কে আমাদের অবস্থান ইতিমধ্যেই বাংলাদেশকে জানানো হয়েছে। এ বিষয়ে ভবিষ্যতে যেকোনো সিদ্ধান্ত নেয়ার সময় সংশ্লিষ্ট সব সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় রাখা হবে। বাংলাদেশ ও চীনের মধ্যে তিস্তা এবং ভারত থেকে প্রবাহিত অন্যান্য আন্তঃসীমান্ত নদীর ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে সমঝোতার কয়েকদিন পরই দিল্লির এই মন্তব্য এলো।

সম্প্রতি চীন সফর শেষে গত ২৯ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান এক ঘোষণায় বলেন, দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ‘যেকোনো মূল্যে’ তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
অন্যদিকে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের তিস্তা প্রকল্পে বেইজিংয়ের সমর্থন অব্যাহত থাকবে। গতকাল তিনি আরও বলেন, তিস্তা প্রকল্পে চীন কাজ করবে। বাংলাদেশের অনুরোধেই তিস্তা প্রকল্পে চীন কাজ করবে। তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে।