ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
সময়: ০৮:৩০:৪৪ AM

রিজেন্ট সাহেদ করিম (সাহেদ) আবারও গ্রেপ্তার

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
20-07-2026 01:22:18 PM
রিজেন্ট সাহেদ করিম (সাহেদ) আবারও গ্রেপ্তার

করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট প্রদান এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিম (সাহেদ) আবারও গ্রেপ্তার হয়েছেন।সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি সিআর (কমপ্লেইন্ট রেজিস্টার) মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়। বর্তমানে তাকে পল্লবী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করে বলেন, মো. সাহেদ করিমের বিরুদ্ধে একটি সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পল্লবী থানা পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, “আমরা তাকে আনতে যাচ্ছি। তাকে আমাদের হেফাজতে পাওয়ার পর গ্রেপ্তারের বিস্তারিত কারণ, মামলার অগ্রগতি এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হতে পারে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে নমুনা পরীক্ষা না করেই ভুয়া করোনা পরীক্ষার সনদ দেওয়ার গুরুতর অভিযোগ ওঠে। একই সঙ্গে হাসপাতালটিতে স্বাস্থ্যসেবার নামে নানা অনিয়ম, জালিয়াতি এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির অপব্যবহারের অভিযোগও সামনে আসে।

এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর আইনশৃঙ্খলা বাহিনী রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায়। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ার দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে সাহেদ করিমের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, সরকারি অর্থ আত্মসাৎ এবং ভুয়া করোনা রিপোর্ট প্রদানসহ একাধিক মামলা দায়ের করা হয়।

এরপর তিনি আত্মগোপনে চলে গেলে আইনশৃঙ্খলা বাহিনী দেশব্যাপী অভিযান শুরু করে। পরে সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন মামলায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হন। দীর্ঘ সময় কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান।

সর্বশেষ, তার বিরুদ্ধে থাকা একটি সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে সোমবার রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।