ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬,
সময়: ১২:২৬:৫৯ AM

ঈদযাত্রা ও পশুর হাটে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
23-05-2026 02:18:41 PM
ঈদযাত্রা ও পশুর হাটে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামী ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে প্রবেশ করছে কোরবানির পশুবাহী ট্রাক ও যানবাহন। ফলে বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট, মহাসড়ক, টোল প্লাজা ও পশুর হাটগুলোতে বেড়েছে মানুষের চাপ। এই পরিস্থিতিতে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছে পুলিশ, র‍্যাব, বিজিবি ও নৌপুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধ, নাশকতা কিংবা বিশৃঙ্খলা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত টহল, চেকপোস্ট, সিসিটিভি মনিটরিং এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে পশুর হাট ও অর্থ লেনদেনকেন্দ্রিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পশুর হাটে বড় অঙ্কের অর্থ লেনদেন হওয়ায় সেখানে স্কট টিম ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ঈদযাত্রাকে কেন্দ্র করে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি, টিকিট কালোবাজারি এবং সংঘবদ্ধ প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠতে পারে—এমন আশঙ্কা থেকেই আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে বাড়ানো হয়েছে পুলিশি উপস্থিতি। একই সঙ্গে মহাসড়কে মোবাইল টহল ও বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ঈদ উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপির আওতাধীন প্রায় ৩২ হাজার পুলিশ সদস্যের মধ্যে প্রায় ২০ শতাংশ সদস্য ছুটি পাবেন, বাকিরা দায়িত্ব পালন করবেন। নিয়মিত ডিউটির পাশাপাশি ঈদকেন্দ্রিক বিশেষ নিরাপত্তা কার্যক্রমে অতিরিক্ত প্রায় ৭ হাজার পুলিশ সদস্য মাঠে কাজ করবেন। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান, শপিংমল, পশুর হাট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন এবং প্রবেশপথে তাদের মোতায়েন করা হয়েছে।

এছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় স্থাপিত ২ হাজারের বেশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। সন্দেহজনক ব্যক্তি বা যানবাহনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। নগরবাসী ও ঈদযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে।

ঈদকে সামনে রেখে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) রাজধানী ও দেশের গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু করেছে। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে চেকপোস্ট। পাশাপাশি র‍্যাবের টহল টিম, গোয়েন্দা নজরদারি, ডগ স্কোয়াড এবং বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা, জঙ্গি তৎপরতা বা বিশৃঙ্খলা মোকাবিলায় র‍্যাব সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবেন।

অন্যদিকে ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইতোমধ্যে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, মেয়র হানিফ ফ্লাইওভার টোল প্লাজা এবং পদ্মা সেতু টোল প্লাজায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের চাপ নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

নৌপুলিশও লঞ্চঘাট ও নৌপথে নিরাপত্তা জোরদার করেছে। অতিরিক্ত যাত্রী বহন, টিকিট জালিয়াতি এবং নৌপথে অপরাধ দমনে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিশেষ করে সদরঘাটসহ দেশের গুরুত্বপূর্ণ নৌঘাটগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।

এদিকে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে সাধারণ মানুষের জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর। যাত্রীদের অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া টিকিট কালোবাজারি, ছিনতাই বা কোনো ধরনের হয়রানির শিকার হলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে। পুলিশ ও র‍্যাবের কন্ট্রোল রুমেও অভিযোগ জানানো যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পশুর হাটে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বড় অঙ্কের অর্থ বহনের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল বা মোবাইল ব্যাংকিং ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। প্রয়োজনে পুলিশি সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া হাট এলাকায় জাল টাকা শনাক্তকরণ টিমও সক্রিয় রাখা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, “নিয়মিত দায়িত্বের পাশাপাশি ঈদুল আজহাকে কেন্দ্র করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা, পশুর হাটে নিরাপত্তা এবং রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে মানুষের ব্যাপক যাতায়াত ও অর্থনৈতিক লেনদেন বৃদ্ধি পাওয়ায় অপরাধচক্র সক্রিয় হওয়ার ঝুঁকি থাকে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রস্তুতি ও কঠোর নজরদারির কারণে এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।