ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬,
সময়: ০৯:২৪:৩৯ PM

মুশফিকের কাণ্ড নিয়ে যা বললেন শান্ত

এমডি ফারুক,সিনিয়র স্পোর্টস রিপোটার ।। দৈনিক সমবাংলা
20-05-2026 04:37:20 PM
মুশফিকের কাণ্ড নিয়ে যা বললেন শান্ত

সিলেট থেকে: সিলেট টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। তার শতকেই ভর করে দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।যদিও দলের লক্ষ্য ছিল পুরো দিন ব্যাট করা। তবে শেষ দিকে এসে আউট হওয়ার পর কিছুটা হতাশই দেখা যায় অভিজ্ঞ এই ব্যাটারকে।ড্রেসিংরুমে ফেরার পথে হঠাৎই হেলমেটকে ফুটবলের মতো লাথি মারতে দেখা যায় তাকে। সেই মুহূর্তে মাঠের পাশে থাকা কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও কিছুটা অস্বস্তিতে দেখা যায়। সেঞ্চুরির পর একাধিকবার ড্রেসিংরুম থেকে মাঠে বার্তা পাঠানো হয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেও নিচে নেমে নাঈম হাসানের সঙ্গে কথা বলেন।

পরে সেই বার্তা দ্রুত মাঠে পৌঁছে দেন নাঈম। যদিও বার্তাগুলো ঠিক কী ছিল, সেটি স্পষ্ট নয়। তবে ম্যাচ শেষে শান্ত স্বীকার করেন, মাঠে কিছু নির্দেশনা পাঠানো হয়েছিল।
তৃতীয় দিনের শেষ সেশনে তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ আক্রমণাত্মক শট খেলতে গিয়ে দ্রুত আউট হন। এরপর নাহিদ রানাকে সঙ্গে নিয়ে মাত্র ৮ বল টিকে ছিল মুশফিকের শেষ জুটি। সাজিদ খানের বলে ডিপ মিডউইকেটে বড় শট খেলতে গিয়ে ১৩৭ রানে আউট হন এই উইকেটকিপার-ব্যাটার।

আউট হওয়ার পর স্বাভাবিকভাবেই ড্রেসিংরুমের দিকে ফিরছিলেন মুশফিক। কিন্তু বাউন্ডারি রোপ পার হওয়ার পর হঠাৎই হাতে থাকা হেলমেটটিকে ফুটবলের মতো লাথি মারেন তিনি। মুহূর্তের সেই প্রতিক্রিয়ায় মাঠের পরিবেশেও খানিকটা অস্বস্তি তৈরি হয়।

মুশফিকের ওই ঘটনা নিয়ে ম্যাচ শেষে শান্তর কাছে জানতে চাওয়া হয়েছিল। বাংলাদেশের টেস্ট অধিনায়ক অবশ্য বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা না করার আহ্বান জানিয়েছেন, ‘এতটুকু বলতে পারি—এটা অন্যভাবে ব্যাখ্যা করার কিছু নেই। সেখানে নেতিবাচক কিছুই ছিল না, একদমই না। আমি না বললেও বলতে পারি, বিষয়টি মোটেও সিরিয়াস কিছু ছিল না। এটা খুবই মজার একটি ঘটনা ছিল। এতটুকুই বলতে পারি, এখানে সিরিয়াস কোনো বিষয় ছিল না।’