হারলেই বিদায়, আর ড্র করলে থাকতে হবে অন্যের দিকে চেয়ে, এমন সমীকরণ সামনে রেখেই মঙ্গলবার মাঠে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ তুলনামূলক দুর্বল হলেও, এই দলটির বিপক্ষেই বিএফএলের প্রথম লেগে পয়েন্ট খুইয়েছিল সাদা-কালোরা।তবে এবার আর কোনো ভুল করেনি ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নরা। ময়মনসিংহে সৌরভ দেওয়ানের দুর্দান্ত এক হ্যাটট্রিকে আরামবাগকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফেডারেশন কাপের প্লে-অফ নিশ্চিত করেছে মতিঝিলপাড়ার ক্লাবটি।‘বি’ গ্রুপের লড়াইটা এবার বেশ জমজমাট ছিল। শেষ রাউন্ডে মাঠে নামার আগে টেবিলের শীর্ষে থাকা পুলিশ এফসির পয়েন্ট ছিল ৬।
অন্যদিকে মোহামেডান, বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি এই তিন দলেরই ঝুলিতে ছিল সমান ৫ পয়েন্ট। তাই সবার সামনেই সুযোগ ছিল পরের রাউন্ডে যাওয়ার।
তবে শেষ দিনের জয়ে বসুন্ধরা কিংস ও মোহামেডান উভয়েরই পয়েন্ট দাঁড়ায় ৮-এ। গোল ব্যবধানে এগিয়ে থেকে কিংস গ্রুপ সেরা হলেও, রানার্সআপ হিসেবে প্লে-অফের টিকিট পকেটে পুরেছে মোহামেডান।
ময়মনসিংহের ভাষা শহীদ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক কৌশল বেছে নেয় মোহামেডান। কিন্তু আরামবাগের জমাট রক্ষণের কারণে জালের দেখা পাচ্ছিল না দলটি। ৩৬তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া এলি কেকের একটি ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ৩৯ মিনিটে আর হতাশ হতে হয়নি। মাঝমাঠ থেকে এলি কেকের নিখুঁত এক ক্রস দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের দারুণ এক কোনাকুনি শটে আরামবাগের ডেডলক ভাঙেন জুয়েল মিয়া।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় মোহামেডান। ৬৮ মিনিটে সৌরভ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। এর চার মিনিট পর সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে আরামবাগ। সতীর্থের ফ্রি-কিক থেকে গোলমুখে বল পেয়েও হেড করতে ব্যর্থ হন আরিফুল।
এরপরের গল্পটা শুধুই সৌরভের। ৭৫ মিনিটে আরামবাগের কাজী রাহাত বল ক্লিয়ার করতে গিয়ে তালগোল পাকালে, বক্সের ভেতর থেকে হেডে নিজের প্রথম গোলটি আদায় করে নেন সৌরভ। এর রেশ কাটতে না কাটতেই বক্সের ভেতর থেকে নেওয়া এক জোরালো নিচু শটে ব্যবধান ৩-০ করেন তিনি।
ম্যাচের শেষদিকে আরামবাগের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এই ফরোয়ার্ড। সতীর্থের বাড়ানো থ্রু পাস ধরে অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে যান তিনি; এরপর বাঁ-পায়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের বিশাল জয় নিশ্চিত করেন সৌরভ দেওয়ান।