ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬,
সময়: ০২:১৭:৩৭ PM

টাইব্রেকারে আতলেতিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

এমডি ফারুক।। দৈনিক সমবাংলা
19-04-2026 12:20:25 PM
টাইব্রেকারে আতলেতিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

শুরুতেই গোল হজম, মাঝপথে ফিরে আসা, আবার পিছিয়ে পড়াৃসব নাটকীয়তার পরও শেষ পর্যন্ত ভাগ্য সহায় হলো না আতলেতিকো মাদ্রিদের। টাইব্রেকারে ব্যর্থ হয়ে কোপা দেল রের শিরোপা হারাতে হলো দিয়েগো সিমেওনের দলকে।পাঁচ মৌসুম পর শিরোপা ঘরে তুলল রিয়াল সোসিয়েদাদ।
শনিবার সেভিয়ায় অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ২-২ সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৪-৩ ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করে সোসিয়েদাদ।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সোসিয়েদাদ।

খেলা শুরুর ১৫ সেকেন্ডের মাথায় গন্সালো গেদেসের বাঁ দিক থেকে ভেসে আসা ক্রসে হেড করে গোল করেন আন্দের বারেনেক্সিয়া। বলের গতি কম হলেও তা ঠেকাতে পারেননি গোলরক্ষক।
দ্রুত ঘুরে দাঁড়ায় আতলেতিকো। ১৮তম মিনিটে গ্রিজমানের পাস থেকে বক্সে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে নিচু শটে সমতা ফেরান আদেমোলা লুকমান।

প্রথমার্ধের যোগ করা সময়ে আবার এগিয়ে যায় সোসিয়েদাদ। বক্সে গেদেসকে আঘাত করায় পেনাল্টি দেন রেফারি, সেই স্পট কিক থেকে গোল করেন অধিনায়ক মিকেল ওইয়ারসাবাল।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে একের পর এক আক্রমণ চালায় আতলেতিকো। শেষ পর্যন্ত ৮৩তম মিনিটে থিয়াগো আলমাদার পাস থেকে বাঁ পায়ের শটে গোল করে ম্যাচে ফেরেন হুলিয়ান আলভারেস।

শেষ মুহূর্তে জয়ের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আতলেতিকো। যোগ করা সময়ে কার্দোসো একা গোলরক্ষকের সামনে পেয়েও বাইরে মারেন।

অতিরিক্ত সময়েও দুই দলই সুযোগ তৈরি করে। ৯৮তম মিনিটে সোসিয়েদাদের দুটি নিশ্চিত গোলের সুযোগ ঠেকান আতলেতিকোর গোলরক্ষক হুয়ান মুসো। তবে কিছুক্ষণ পর আলভারেসের দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে আসে।

শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে আতলেতিকোর প্রথম দুই শট নেন আলেকসান্দার সরলথ ও আলভারেস। তাদের শটগুলো ঠেকিয়ে নায়ক বনে যান সোসিয়েদাদের গোলরক্ষক উনাই মারেরো। দলের দ্বিতীয় শট মিস হলেও বাকি চারজন গোল করেন।

এই জয়ে কোচ পেল্লেগ্রিনি মাতারাজ্জো অনন্য এক কীর্তি গড়েন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে যুক্তরাষ্ট্রের প্রথম কোচ হিসেবে কোনো কাপ ফাইনালে শিরোপা জিতলেন তিনি।

এর আগে ২০১৯-২০ মৌসুমে দীর্ঘ ৩৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে কোপা দেল রে জিতেছিল সোসিয়েদাদ। এবার তারা জিতল চতুর্থ শিরোপা।

অন্যদিকে ১০ বারের চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ সর্বশেষ এই ট্রফি জিতেছিল ২০১২-১৩ মৌসুমে। এবারও শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো তাদের।