ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
সময়: ০৫:১৬:০২ PM

‘সরকার ব্যাংক খাতে নিজস্ব লোক বসিয়ে বিশৃঙ্খলা করছে’

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
23-05-2026 06:41:21 PM
‘সরকার ব্যাংক খাতে নিজস্ব লোক বসিয়ে বিশৃঙ্খলা করছে’

সরকার ব্যাংক খাতের চলমান সংকট নিরসনের পরিবর্তে নিজস্ব লোক বসিয়ে আর্থিক খাতে বিশৃঙ্খলা তৈরি করছে বলে অভিযোগ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের। তিনি বলেন, ‘আর্থিক খাতে অস্থিতিশীলতার দায় সরকারকেই নিতে হবে।’শনিবার (২৩ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াত সেক্রেটারি। মিয়া গোলাম পারওয়ার বলেন, ‘দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি ব্যাংকিং খাত দীর্ঘদিন ধরে তারল্য সংকট, খেলাপি ঋণ বৃদ্ধি এবং আস্থাহীনতার চাপে রয়েছে। কিন্তু ফ্যাসিস্ট আমলে লুটপাট হওয়া ব্যাংকব্যবস্থা পুনর্গঠনের দিকে না গিয়ে সরকার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত রয়েছে।’

তিনি বলেন, ‘কয়েকটি শরিয়াহভিত্তিক ব্যাংক রেজুলেশন আইনের আওতায় সমন্বিত করা হলেও আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে গ্রাহক আস্থা কমছে এবং বিনিয়োগ কার্যক্রম স্থবির হয়ে পড়ছে।’জামায়াত সেক্রেটারির অভিযোগ, ‘সম্মিলিত ইসলামী ব্যাংকিং কাঠামো কার্যকরভাবে এগোতে না পারার পেছনে নীতি-নির্ধারণী পর্যায়ের দুর্বলতা ও অযাচিত হস্তক্ষেপ দায়ী। এতে আমানতকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।’

তিনি দেশের অন্যতম বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংককে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগও তোলেন। তার দাবি, বৈধ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে চাপের মুখে সরিয়ে দেওয়ার চেষ্টা ব্যাংকটির স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে।গোলাম পরওয়ার বলেন, ‘ব্যাংকটির ওপর প্রায় ৩ কোটি আমানতকারী এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা নির্ভরশীল। পাশাপাশি রেমিট্যান্স ও বৈদেশিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় যেকোনো অস্থিরতা সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ‘রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হলে তা ব্যাংক খাতের সুশাসনকে দুর্বল করে।’

তিনি ব্যাংক খাতে সরকারি হস্তক্ষেপ বন্ধ, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানান। অন্যথায় আর্থিক খাতে অস্থিতিশীলতার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন।