ঢাকা, শুক্রবার, ২২ মে ২০২৬,
সময়: ১০:৩৯:৫৩ PM

ট্রফিহীন মৌসুম শেষে রিয়াল ছাড়ার ঘোষণা আরবেলোয়ার

এমডি ফারুক,সিনিয়র স্পোর্টস রিপোটার ।। দৈনিক সমবাংলা
22-05-2026 08:28:55 PM
ট্রফিহীন মৌসুম শেষে রিয়াল ছাড়ার ঘোষণা আরবেলোয়ার

ট্রফিহীন মৌসুম শেষ হওয়ার আগেই রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিলেন আলভারো আরবেলোয়া। আগামী মৌসুমে আর স্প্যানিশ জায়ান্টদের কোচের দায়িত্বে থাকবেন না বলে নিশ্চিত করেছেন সাবেক এই ডিফেন্ডার।শুক্রবার সংবাদ সম্মেলনে আগামী মৌসুমে রিয়ালের কোচ থাকবেন কি না, এমন প্রশ্নে সংক্ষিপ্ত উত্তর দেন আরবেলোয়া, ‘হ্যাঁ।’ অর্থাৎ মৌসুম শেষেই দায়িত্ব ছাড়ছেন তিনি।অস্থিরতায় ভরা মৌসুমের শেষ লা লিগা ম্যাচে শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সেটিই হতে যাচ্ছে এই মৌসুমে রিয়ালের কোচ হিসেবে আরবেলোয়ার শেষ ম্যাচ।

গত জানুয়ারিতে জাবি আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কোচের দায়িত্ব দেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তবে তার অধীনে কোনো শিরোপা জিততে পারেনি লস ব্লাঙ্কোসরা।

এরই মধ্যে অভিজ্ঞ কোচ জোসে মরিনিয়োর রিয়ালে ফেরার গুঞ্জন জোরালো হয়েছে। পর্তুগিজ কোচ যদি আরবেলোয়ার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন, তবুও তার সহকারী হিসেবে কাজ করবেন না বলে জানিয়েছেন আরবেলোয়া।

তিনি বলেন, ‘মরিনিয়োর দুর্দান্ত টেকনিক্যাল টিম আছে। তার চারপাশে ভালো মানুষ আছে। যদি সে মাদ্রিদে আসে, নিজের দল নিয়েই আসবে।’

মরিনিয়োর কোচিং স্টাফে থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়ে আরবেলোয়া বলেন, ‘তার সঙ্গে আমার থাকার কোনো সম্ভাবনা নেই। আর আমার ভবিষ্যৎ... সোমবার থেকে সেটা নিয়ে ভাবব।’

২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলেছেন আরবেলোয়া। পরে ক্লাবটির যুব দলে কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। তাই রিয়ালকে নিজের ঘর হিসেবেই দেখেন স্প্যানিশ এই সাবেক ফুটবলার।

বিদায় নয়, বরং এটিকে আবার দেখা হওয়ার বিরতি হিসেবে দেখতে চান আরবেলোয়া। তিনি বলেন, ‘আশা করি এটা বিদায় নয়, আবার দেখা হবে। আমি সবসময় এটিকে নিজের ঘর মনে করেছি। বিভিন্ন ভূমিকায় ২০ বছর ধরে মাদ্রিদের সঙ্গে আছি।’

রিয়ালের কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ পুরোপুরি শেষ হয়ে গেছে, এমনটাও মনে করেন না তিনি। আরবেলোয়া বলেন, ‘এ মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে এটা আমার শেষ ম্যাচ হবে। তবে জানি না, রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আমার জীবনের শেষ ম্যাচ কি না।’

শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই নামতে চান আরবেলোয়া। তার ভাষায়, ‘আমরা কখনো জানি না। আমি ম্যাচটা উপভোগ করার চেষ্টা করব এবং জয় পেতে চাইব।’