ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬,
সময়: ০১:৩৫:৫৩ AM

৪৩৭ রান তাড়া করে জেতার স্বপ্ন দেখছে পাকিস্তান!

এমডি ফারুক,সিনিয়র স্পোর্টস রিপোটার ।। দৈনিক সমবাংলা
18-05-2026 09:30:59 PM
৪৩৭ রান তাড়া করে জেতার স্বপ্ন দেখছে পাকিস্তান!

সিলেট থেকে: পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং দাপট দেখানোর পর শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসের সঙ্গে যোগ হয়ে সফরকারীদের সামনে এখন জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৪৩৭ রান।কঠিন লক্ষ্যে খেলতে নেমে আজ শেষ বিকেলে দুই ওভার ব্যাটিং করে দিন পাড় করেছে বাংলাদেশ। মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিন, বাংলাদেশের বিপক্ষে জিততে গেলে পাকিস্তানকে ছয় সেশনে রেকর্ড ভাঙ্গতে হবে।কিন্তু টেস্ট ক্রিকেটে এতো রান চেজ করার ইতিহাস নেই। যদিও পাকিস্তানের পেস বোলিং কোচ উমর গুল অবশ্য এটাকে সম্ভব হিসেবেই দেখছেন।
টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ৪১৮। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রান তাড়া করে ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

অর্থাৎ জিততে হলে বিশ্বরেকর্ডই গড়তে হবে পাকিস্তানকে। আর ম্যাচ বাঁচাতে হলেও আরও দুই দিন ব্যাট করতে হবে শান মাসুদের দলকে। তাই আগামী দুই দিন বৃষ্টির প্রার্থনাই হয়তো সবচেয়ে বেশি করবে সফরকারীরা।
যদিও উমর গুল বলেছেন, ‘আমাদের হাতে এখনো দুই দিন আছে। আবহাওয়ায় মেঘলা অবস্থা বা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আমরা মানসিকভাবে প্রস্তুত যে সময় যথেষ্ট আছে। যদি আমরা পুরো সময় ব্যাট করতে পারি, তাহলে জয়ের সুযোগ থাকবে। কারণ আমরা শুধু ড্র করার জন্য খেলছি না। আমরা রান তাড়া করার জন্য প্রস্তুত, যেমন আমি আগেও বলেছি। দুই-তিনটি ভালো পার্টনারশিপ খুব গুরুত্বপূর্ণ হবে। ৪৩৭ রান তাড়া করতে হলে সাহসী হয়ে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। ক্রিকেটে সবকিছুই সম্ভব, দুই দলেরই সুযোগ থাকে।’

উইকেটের আচরণ নিয়ে গুল বলেন, ‘সত্যি বলতে, প্রথম দিনে উইকেটে আর্দ্রতা থাকায় বোলাররা সুবিধা পেয়েছিল, কিছুটা সিম ও সুইং ছিল। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় দিনে এটি ব্যাটারদের জন্য একেবারে ভালো হয়ে গেছে। বল ব্যাটে খুব ভালোভাবে আসছে, ব্যাটারদের সময় নেওয়ার সুযোগ দিচ্ছে। এখন পর্যন্ত পিচ ব্যাটিংয়ের জন্য খুবই ভালো।’গুল মনে করেন, বাংলাদেশি ব্যাটাররা ভালো পারফর্ম করছেন। সাথে ভাগ্যও পাশে ছিল না পাকিস্তানের, ‘বাংলাদেশি ব্যাটাররা অনেক ভালো ব্যাট করেছে। কিছু ক্ষেত্রে আমরা আনলাকি। রিভিউ মিস করায় আমরা লিটনকে আউট করতে পারিনি। তবে ক্রিকেটে এটা স্বাভাবিক। কখনও ভাগ্য আপনার পক্ষে যাবে, কখনও বিপক্ষে। বোলাররা আপ্রাণ চেষ্টা করেছে, তবে ফলাফল আমাদের পক্ষে আসেনি।'