ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬,
সময়: ০১:৪৩:৫৪ AM

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
14-05-2026 09:00:58 PM
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসন এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকারের উচ্চপর্যায়ে আবারও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জন প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে রাজধানীর যানজট কমানো, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখা, গণপরিবহন ব্যবস্থার সমন্বয় বৃদ্ধি এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সভায় সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে নগরবাসীর দৈনন্দিন দুর্ভোগ কমাতে ট্রাফিক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি রাজধানীর সড়কে যানবাহনের চাপ কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ, গণপরিবহন ব্যবস্থাকে আরও শৃঙ্খলাবদ্ধ করা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে কঠোরতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকার যানজট সমস্যা নিরসনে এটি ছিল দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠক। এর আগে অনুষ্ঠিত বৈঠকেও রাজধানীর ট্রাফিক পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন সুপারিশ ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। সরকার এখন এসব সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে রাজধানীর যানজট পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আনতে চায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।