ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬,
সময়: ০১:৪৩:২৩ AM

ষষ্ঠ শিরোপা থেকে এক জয় দূরে বসুন্ধরা কিংস

এমডি ফারুক,সিনিয়র স্পোর্টস রিপোটার।। দৈনিক সমবাংলা
14-05-2026 08:52:34 PM
ষষ্ঠ শিরোপা থেকে এক জয় দূরে বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ২০২৫-২৬ মৌসুম একদম শেষ অঙ্কে এসে পৌঁছেছে। আর মাত্র দুই রাউন্ডের খেলা বাকি থাকলেও শিরোপার নিষ্পত্তি এখনো হয়নি।তবে আগামীকাল কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হতে যাচ্ছে মৌসুমের সবচেয়ে রোমাঞ্চকর লড়াই। অঘোষিত এই ফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল বসুন্ধরা কিংস এবং আবাহনী লিমিটেড। এই ম্যাচে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখে নিজেদের ষষ্ঠ লিগ শিরোপা ঘরে তুলবে কিংস। হাইভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে আগামীকাল বিকেল ৩টা ৪৫ মিনিটে, যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেল। লিগের ১৬ ম্যাচ শেষে পরিসংখ্যান বলছে, শিরোপার দৌড়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে বসুন্ধরা কিংস। ১০ জয়, ৫ ড্র এবং ১ হারে তাদের সংগ্রহ ৩৫ পয়েন্ট।
অন্যদিকে সমান ম্যাচ খেলে ১০ জয়, ৪ ড্র ও ২ হারে ৩৪ পয়েন্ট নিয়ে ঠিক কিংসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আবাহনী লিমিটেড। কালকের ম্যাচে আবাহনীকে হারাতে পারলেই কিংসের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৩৮। সেক্ষেত্রে আবাহনীর সাথে তাদের পয়েন্টের ব্যবধান হবে ৪। ফলে লিগের শেষ ম্যাচে কিংস হারলেও তাদের চ্যাম্পিয়ন হওয়া কেউ ঠেকাতে পারবে না।

তবে কাগজে-কলমে শিরোপার রেসে টিকে আছে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকা ফর্টিস এফসিও। যদিও তাদের চ্যাম্পিয়ন হওয়ার পথটি বেশ জটিল হিসাব-নিকাশের ওপর নির্ভরশীল। প্রথমত, আগামীকাল কিংস ও আবাহনীর ম্যাচটি ড্র হতে হবে এবং একই দিনে কিংস অ্যারেনায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ফর্টিসকে জিততে হবে। এরপর লিগের শেষ রাউন্ডে কিংস ও আবাহনী উভয়কেই নিজেদের ম্যাচে হারতে হবে এবং ফর্টিসকে তাদের ম্যাচে জয় পেতে হবে।

আগামীকাল যদি কুমিল্লায় কিংস ও আবাহনী পয়েন্ট ভাগাভাগি করে এবং ফর্টিস তাদের ম্যাচে জয় পায়, তবে লিগ শিরোপার ফয়সালা হবে একদম শেষ দিনে। আর তেমনটা হলে রোমাঞ্চ পৌঁছাবে চূড়ান্ত শিখরে। মজার ব্যাপার হলো, লিগের শেষ রাউন্ডে শিরোপাপ্রত্যাশী এই তিন দলই তুলনামূলক সহজ প্রতিপক্ষের মুখোমুখি হবে। শেষ রাউন্ডে নিজেদের ঘরের মাঠ কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস খেলবে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের বিপক্ষে। মানিকগঞ্জের মিরাজ-তপন স্টেডিয়ামে আবাহনী লিমিটেড মোকাবিলা করবে আরামবাগ ক্রীড়া সংঘকে এবং গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফর্টিস এফসি মুখোমুখি হবে পিডব্লিউডির।শিরোপা নির্ধারণী লড়াইয়ের পাশাপাশি আগামীকাল একই সময়ে মাঠে গড়াবে লিগের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। কিংস অ্যারেনায় ফর্টিস এফসি লড়বে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। মুন্সীগঞ্জে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ রহমতগঞ্জ। মানিকগঞ্জে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব পিডব্লিউডির বিপক্ষে এবং গাজীপুরে পুলিশ এফসি আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে মাঠে নামবে। সবগুলো ম্যাচই একই সময়ে শুরু হবে এবং টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে। এখন দেখার বিষয়, কালই কিংস তাদের শিরোপা পুনরুদ্ধার করে, নাকি আবাহনী বা ফর্টিস এই লড়াইকে শেষ দিন পর্যন্ত টেনে নিয়ে যায়।