ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬,
সময়: ১১:৩৩:৪০ PM

পদত্যাগ করলেন কুরাসাও কোচ ফ্রেড রুটেন

এমডি ফারুক,সিনিয়র স্পোর্টস রিপোটার ।। দৈনিক সমবাংলা
13-05-2026 07:42:08 PM
পদত্যাগ করলেন কুরাসাও কোচ ফ্রেড রুটেন

বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস আগে কুরাসাও জাতীয় ফুটবল দলে বড় ধাক্কা লাগলো। দলটির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ডাচ কোচ ফ্রেড রুটেন। সোমবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কুরাসাও ফুটবল ফেডারেশন (এফএফকে)। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপে এবারই প্রথম অংশ নিতে যাচ্ছে ক্যারিবীয় অঞ্চলের দল কুরাসাও। ঐতিহাসিক এই আসরের ঠিক আগে কোচের পদত্যাগ দলটির প্রস্তুতিতে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়েন অভিজ্ঞ কোচ ডিক অ্যাডভোকাট। এরপর ৬৩ বছর বয়সী ফ্রেড রুটেনকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় কুরাসাও ফুটবল ফেডারেশন। তবে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই বিদায় নিতে হলো তাকে।

এক বিবৃতিতে এফএফকে জানিয়েছে, ফেডারেশনের নেতৃত্বের সঙ্গে গঠনমূলক আলোচনার পর রুটেন নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আলোচনার মূল বিষয় তিনি ছিলেন না, তারপরও দলের ভেতরে সুস্থ পেশাদার পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতেই তিনি সরে দাঁড়িয়েছেন।পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রুটেন বলেন, ‘দলের ভেতরে বা কোচিং স্টাফদের মধ্যে এমন কোনো পরিস্থিতি থাকা উচিত নয়, যা সুস্থ পেশাদার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। তাই আমি মনে করি, এখন সরে দাঁড়ানোই সঠিক সিদ্ধান্ত। সময় খুব কম, কুরাসাওকে সামনে এগিয়ে যেতে হবে। ঘটনাগুলো যেভাবে ঘটেছে, তাতে আমি দুঃখিত। তবে সবার জন্য শুভকামনা রইল।’

মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ফিফা সিরিজ ২০২৬ টুর্নামেন্টে রুটেনের অধীনেই দুটি ম্যাচ খেলেছিল কুরাসাও। সেখানে চীনের কাছে ২-০ এবং অস্ট্রেলিয়ার কাছে ৫-১ গোলে হারে দলটি।

এদিকে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এফএফকে সভাপতি গিলবার্ট মার্টিনা জানান, সাবেক কোচ ডিক অ্যাডভোকাটের সঙ্গে আবারও যোগাযোগ করা হয়েছে। বিশ্বকাপে কুরাসাওকে ঐতিহাসিক যোগ্যতা অর্জনে নেতৃত্ব দেওয়া ৭৮ বছর বয়সী এই ডাচ কোচকে ফেরানোর চেষ্টা চলছে।মার্টিনা বলেন, ‘রোববার ফ্রেড রুটেন পদত্যাগপত্র জমা দেওয়ার পর সোমবার আমি ডিক অ্যাডভোকাটের সঙ্গে যোগাযোগ করেছি।’এখন দেখার বিষয়, বিশ্বকাপের আগে কুরাসাও শেষ পর্যন্ত কাকে দায়িত্ব দেয় এবং নতুন কোচের অধীনে দল কতটা দ্রুত নিজেদের গুছিয়ে নিতে পারে।