ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
সময়: ০৯:৪৮:০২ PM

জনগনের পাশে থাকতেই ভালবাসেন ইয়াসের খান

মান্নান মারুফ
26-09-2026 07:56:51 PM
জনগনের পাশে থাকতেই ভালবাসেন ইয়াসের খান

সপ্তাহের শেষ তিন কর্মদিবস বৃহস্পতিবার ,শুক্রবার ও শনিবার নিজ এলাকায় ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপির নেতা ইয়াসের খান চৌধুরী। নিজ বাসায় সময় কাটানোর পরিবর্তে তিনি এলাকার মানুষের কাছে সরাসরি ছুটে যান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় ইয়াসের খান চৌধুরী তাদের দৈনন্দিন জীবনযাপন, সামাজিক সমস্যা এবং স্থানীয় বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান। কোনো পরিবার বা ব্যক্তির সমস্যার কথা জানতে পারলে তা গুরুত্বের সঙ্গে শুনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করেন বলেও জানা গেছে।

এ সময় তিনি এলাকার বিভিন্ন ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের খোঁজখবর নেন। মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে কোনো ধরনের সমস্যা রয়েছে কি না, সে বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে কি না এবং স্থানীয়ভাবে কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি না, সে বিষয়েও তিনি জানতে চেষ্টা করেন।

শুধু নিজ এলাকা নয়, বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা ও উপজেলার মানুষের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখার কথা জানান ইয়াসের খান চৌধুরী। এসব এলাকায় গিয়ে তিনি বিএনপির নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। স্থানীয় পর্যায়ের দলীয় সিনিয়র নেতাদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের মতামত নেন।

বৃহস্পতিবার নান্দাইল চৌরাস্তা চত্বরে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির একটি সভাসহ বেশ কয়েকটি সভায় বক্তব্য দেন ইয়াসের খান চৌধুরী। এ সব সভায় তিনি দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাঁর বক্তব্যে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথাও উঠে আসে।

ইয়াসের খান চৌধুরী বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একটি মহল বিভিন্ন ধরনের অপচেষ্টা চালাচ্ছে । এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ও সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্যে এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কোনো ধরনের ছাড় না দেওয়ার সতর্কবার্তাও ছিল।

এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গেও মতবিনিময় করেন ইয়াসের খান চৌধুরী। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার বিভিন্ন বিষয়ে তাদের মতামত নেন। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের প্রত্যাশা ও সমস্যাগুলো বোঝার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্থানীয় পর্যায়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও তাদের সমস্যার কথা শোনার এই কার্যক্রমকে কেন্দ্র করে দিনভর বিভিন্ন মহলে আলোচনা হয়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া এবং স্থানীয় সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার কারণে তিনি মানুষের ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানান।

ইয়াসের খান চৌধুরী বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কথা শোনা। এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে জানা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে গণতন্ত্র, শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে দল-মত নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।