পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগীয় (আইডিসিপিসি) মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।বৃহস্পতিবার (৭ মে) বৈঠকে আলোচনায় বাংলাদেশ-চীন বন্ধুত্ব, সংযোগ, বাণিজ্য ও বিনিয়োগ, বহুপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক বিষয়াবলী কেন্দ্র করে আলোচনা হয়।পররাষ্ট্রমন্ত্রী একটি সংযুক্ত ও বিশ্বব্যাপী সম্পৃক্ত বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের রূপকল্প তুলে ধরেন। উভয় পক্ষ ‘এক চীন নীতি’ এবং গভীরতর দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।বৈঠকে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রমুখ।
এর আগে বুধবার (৬ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স-সিপিপিসিসি চেয়ারপারসন ওয়াং হুনিংর সঙ্গে বৈঠক করেন।
উভয় পক্ষ বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়নে গভীরতর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।